
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচকে ঘিরে বাড়ছে বাংলাদেশের সমর্থকদের আগ্রহ। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষের পথে।
ম্যাকাইয়ের এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে শহরটির।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, অস্ট্রেলিয়ায় আগস্টে সাধারণত টেস্ট ক্রিকেট আয়োজন করা হয় না। এরপরও উত্তরাঞ্চলে অনুষ্ঠেয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে স্থানীয় ও বিদেশি দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, যা আয়োজকদেরও উচ্ছ্বসিত করেছে।
ম্যাচকে ঘিরে ইতিবাচক প্রভাব পড়ার আশা করছে কুইন্সল্যান্ড সরকার ও ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল। তাদের মতে, টেস্ট ম্যাচটি আঞ্চলিক পর্যটন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনতে পারে।
২২ আগস্ট শুরু হওয়া দ্বিতীয় টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।