
মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনায় হাইওয়ে পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সংকেত অমান্য করা কিংবা অন্য কোনো ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে। এ সংক্রান্ত তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেন্টারে পাঠানো হবে এবং মোবাইল মেসেজের মাধ্যমে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিককে জানানো হবে।
গাড়ির মালিকরা যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জরিমানা পরিশোধ করতে পারবেন বলে জানান তিনি। একই ধরনের আইন লঙ্ঘন বারবার করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, কোনো যানবাহন তিনবার আইন লঙ্ঘন করলে তার নিবন্ধন বাতিল করা হবে কি না, তা বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।
নতুন এই ব্যবস্থা চালুর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণকে সচেতন করতে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ কার্যক্রমের ব্যাপক প্রচার চালাতে হবে, যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলেন।
অটো ফাইন সিস্টেম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য, হাইওয়ে পুলিশ, মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম কার্যকর হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শিমুল বিশ্বাস, সংসদ সদস্য মান্নান হাসেব এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।