
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে যুক্ত হলো বিশেষ ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে নতুন এই পরিবহনসেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনের পর প্রাথমিকভাবে দেশের তিন শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে থাকবে ১০টি বাস। চট্টগ্রামের একটি রুটে চলবে দুটি এবং বগুড়ার দুটি রুটে আরও দুটি বাস থাকবে।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, এটি কেবল একটি নতুন বাসসেবা চালুর উদ্যোগ নয়; নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। যাত্রীদের প্রয়োজন ও অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে সেবাটির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে নতুন রুট যুক্ত করার পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে বাসে নারীদের জন্য যে পরিবেশ তৈরি করা হয়েছে, সেটিকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, নারীরা যেন কোনো ধরনের অস্বস্তি বা নিরাপত্তাহীনতা ছাড়াই ‘পিংক বাসে’ যাতায়াত করতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। সেবার মান ধরে রাখার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর ব্যস্ত গণপরিবহন ব্যবস্থায় নারীদের জন্য আলাদা ও নিরাপদ পরিবহনের সুযোগ বাড়লে কর্মজীবী ও নিয়মিত যাতায়াতকারী নারীদের চলাচলে স্বস্তি ফিরতে পারে। ভবিষ্যতে সেবাটি আরও বিস্তৃত হলে এর সুফল আরও বেশি যাত্রীর কাছে পৌঁছাবে।