ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা জেসমিন ভাসিন ফের শারীরিক সমস্যায় পড়েছেন। ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে ঝুঁকিপূর্ণ একটি স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ ঘটনার পর সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অভিনেত্রী। এখনো তাঁর পুরোনো কিছু স্মৃতি পুরোপুরি মনে পড়ছে না বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন জেসমিন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের একটি গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
ওই অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করার সময় মাথায় আঘাত পান জেসমিন। পরে চিকিৎসকেরা তাঁকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জেসমিন জানান, স্টান্ট শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, তার কিছুই তাঁর মনে নেই। এমনকি দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য নিজের স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি।
ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই সময়ের অনেক স্মৃতি এখনো তাঁর কাছে অস্পষ্ট। পুরোনো কিছু বিষয় মনে করতে না পারায় উদ্বিগ্ন এই অভিনেত্রী।
তবে শারীরিক প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন জেসমিন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার সেই ভয়ংকর মুহূর্তের কথা মনে পড়লে এখনো অস্বস্তি হয় বলে জানিয়েছেন তিনি।
একাধিক শারীরিক সমস্যার মধ্যেও নিজের মানসিক দৃঢ়তা ধরে রাখার চেষ্টা করছেন জেসমিন। ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।