
বঙ্গোপসাগরে এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল ও পশ্চিমবঙ্গের কাছাকাছি অবস্থান করছে এটি। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নতুন এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
নিম্নচাপের প্রভাবে রাজধানীর আবহাওয়াতেও পরিবর্তন দেখা গেছে। রোববার বিকেল থেকে বিভিন্ন সময়ে বৃষ্টি হয়েছে। সোমবার সকালেও ছিল মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; পরে অবশ্য কিছু সময়ের জন্য রোদের দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চার বিভাগের বাইরে দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ঢাকাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
এর আগে তিন দিন আগে তৈরি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপ হিসেবে ভারতের ঝাড়খন্ডের দিকে সরে যায়। সেটির প্রভাব কাটতে না কাটতেই নতুন নিম্নচাপের উপস্থিতিতে আবারও বদলে যাচ্ছে দেশের আবহাওয়ার চিত্র।