‘এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: শান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে চার দিনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে সব বিভাগে ছাপিয়ে গিয়ে এই

2026-08-16T14:38:34+00:00
2026-08-16T14:38:34+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খেলা
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস
‘এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: শান্ত
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম 
অস্ট্রেলিয়ায় নাজমুল হোসেন শান্ত।
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে চার দিনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে সব বিভাগে ছাপিয়ে গিয়ে এই জয় তুলে নেয় টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে, যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়।

ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের দাপটে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ, যা ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি, সামনেও আমরা নতুন কিছু করে দেখাতে পারব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সাফল্যের পেছনে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিকে বড় কারণ হিসেবে দেখছেন শান্ত। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মানসিকতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও জানান তিনি।

শান্ত বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ফরম্যাটে সবচেয়ে বড় পরিবর্তন। এখন তারা টেস্ট খেলতে চায়, পারফর্ম করতে চায় এবং বিশ্বমানের হতে চায়। এই মানসিকতাটা এখন তাদের মধ্যে আছে।’

তরুণ পেসারদের টেস্ট ক্রিকেটে এগিয়ে নিতে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানের কথাও উল্লেখ করেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটাররা তরুণদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করেন তিনি।

ডারউইন টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমেরও প্রশংসা করেন শান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত তানজিদ এই টেস্টে পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘ও খুবই রোমাঞ্চকর খেলোয়াড়। সাদা বলের ক্রিকেটে ও সবসময় আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু এই টেস্টে নিজের চরিত্র দেখিয়েছে, খুব শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী খেলেছে। আমরা জানি, টেস্ট ক্রিকেট খেলার সামর্থ্য ওর আছে এবং এই ম্যাচে সে দলের জন্য দারুণ অবদান রেখেছে।’

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের আগে আত্মতুষ্টিতে ভুগতে চান না শান্ত। দ্বিতীয় টেস্টেও একইভাবে পরিকল্পনা ও প্রক্রিয়া অনুসরণ করে খেলতে চান তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রমাণ আছে, কিন্তু ২-০ করতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। এই টেস্টের মতোই সেশন ধরে খেলতে হবে, প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বোলাররা নিজেদের কাজ করবে, ব্যাটাররা অবদান রাখবে। ম্যাকেতে আমাদেরও সেটাই করতে হবে।’

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য ম্যাকেতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেওয়া।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: