মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ও সড়ক নিরাপত্তা জোরদারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে এ কার্যক্রম শুরু হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নতুন এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে।
আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে মামলার তথ্য সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।
হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায় আরও স্বচ্ছ ও কার্যকর হবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, এআইভিত্তিক অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বাড়বে। একই সঙ্গে যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন মহাসড়কে অপরাধ ও অনিয়ম নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এই প্রযুক্তিনির্ভর জরিমানা ব্যবস্থা।