গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারা থেকে গোপনে অন্য একটি সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছিল মার্কিন

2026-08-13T20:03:04+00:00
2026-08-13T20:03:04+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারা থেকে গোপনে অন্য একটি সামরিক বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তাঁর সফরসঙ্গী কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আগের বিমানেই থেকে যান।

বিবিসির এক প্রতিবেদনে সিবিএস নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, গত ৮ জুলাই আঙ্কারা ছাড়ার আগে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর মূল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ যাত্রা নিরাপদ মনে না হওয়ায় বিকল্প পরিকল্পনা নেয় মার্কিন সিক্রেট সার্ভিস।

পরিকল্পনা অনুযায়ী, ট্রাম্প প্রথমে প্রকাশ্যে মূল বিমানে ওঠেন। পরে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে তাঁকে ছোট আকারের সামরিক বিমান সি-৩২এ-তে স্থানান্তর করা হয়। এরপর গোপনে ওই বিমানেই আঙ্কারা ছাড়েন তিনি।

তবে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মূল এয়ার ফোর্স ওয়ানেই থেকে যান। প্রেসিডেন্টের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের ক্ষমতার উত্তরাধিকারক্রম যাতে অক্ষুণ্ন থাকে, সে কারণেই তাঁদের আলাদা বিমানে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং। এমনকি সংবাদমাধ্যমের সদস্য এবং অধিকাংশ কর্মীও ট্রাম্প যে বিমান পরিবর্তন করেছেন, তা জানতে পারেননি।

অন্যদিকে, ট্রাম্পকে বহনকারী ছোট সামরিক বিমানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ব্যক্তিগত সহকারী নাটালি হার্প, ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো এবং ওভাল অফিস অপারেশনসের পরিচালক ওয়াল্ট নাউটা।

সিবিএস নিউজের প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, আঙ্কারা ছাড়ার ঠিক আগে গোয়েন্দারা কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রাম্পের বিমানে হামলার সম্ভাব্য হুমকির তথ্য পান।

এই পরিস্থিতিতে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ান কিংবা কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-৮ বিমান-কোনোটিতেই নেওয়া নিরাপদ মনে করেননি নিরাপত্তা কর্মকর্তারা।

অল্প সময়ের মধ্যে সিক্রেট সার্ভিস ও মার্কিন সামরিক বাহিনী বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করে। ক্যাটারিং ট্রাক ব্যবহার করে গোপনে ট্রাম্পকে সি-৩২এ বিমানে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় রাত ৮টা ৪৪ মিনিটের দিকে ট্রাম্পকে ছাড়াই এয়ার ফোর্স ওয়ান আঙ্কারা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক মুহূর্ত পর ট্রাম্পকে বহনকারী ছোট বিমানটিও আকাশে ওড়ে।

ঘটনাটি স্বীকার করে মঙ্গলবার ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনী তাঁকে অন্য বিমানে যেতে বলেছিল এবং তিনি তাদের নির্দেশ অনুসরণ করেছেন।

অন্য বিমানে থাকা সহকর্মীদের ঝুঁকির মধ্যে রাখা হয়েছিল কি না -এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তাঁর ভাষ্য, নিরাপত্তা কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সেটিই মেনে নিয়েছেন।

এর আগে ২০২৪ সালের জুলাই ও নভেম্বরেও ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ইরানের বিরুদ্ধে উঠেছিল। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

সম্প্রতি আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার একটি গোয়েন্দা তথ্যের কথাও সামনে আসে। তবে ওই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের পক্ষ থেকেও দাবি করা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা বা চুক্তি ভেস্তে দিতে এ ধরনের তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে।

ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা হুমকির বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও আঙ্কারার কঠোর নিরাপত্তার মধ্যে ইরানের পক্ষে এ ধরনের হামলা চালানো কতটা সম্ভব ছিল, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে ট্রাম্পকে গোপনে বিমান পরিবর্তন করে সরিয়ে নেওয়ার ঘটনা এখন নতুন করে আলোচনায় এসেছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: