যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান একমত হয়েছে।
তবে যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বর্ধিত যুদ্ধবিরতির আওতায় নতুন কোনো শর্ত বা সমঝোতা হয়েছে কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরির লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়। সমঝোতার কাঠামোয় যুদ্ধবিরতির পাশাপাশি পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়।
নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে স্থায়ী শান্তির জন্য পরবর্তী আলোচনা কতটা সফল হয়, সেটিই এখন বড় প্রশ্ন।