চীনের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক সংস্কারের অন্যতম প্রধান রূপকার ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে ঝু রংজির মৃত্যু হয়।
ঝু রংজি ছিলেন চীনের অর্থনীতিকে বিশ্ববাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার অন্যতম প্রধান কারিগর। ১৯৯০-এর দশকে রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক সংস্কার ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করে।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি। এ সময়ে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও লাভজনক করতে একাধিক বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন।
সংস্কার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরোধিতার মুখেও পড়তে হয়েছিল তাকে। তার নেওয়া সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক ও গতিশীল করে তোলে।
চীনের বিশ্ব অর্থনীতিতে প্রবেশের ক্ষেত্রেও ঝু রংজির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগদানের পথ সুগম করে। পরবর্তী সময়ে চীন দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় এবং ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান অর্জন করে।
তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ঝু রংজি চীনের আধুনিক অর্থনৈতিক রূপান্তরের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম হিসেবে বিবেচিত হন।