সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়াসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।
দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন, রায়গঞ্জের পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান, সলঙ্গার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে রায় ঘোষণার আগেই আব্দুল মজিদ মারা গেছেন।
এপিপি জানান, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট তরিকুল ইসলামকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে রায়গঞ্জ থানায় ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হলো।