অবৈধ অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা আকস্মিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।’ এসব যানবাহন চার্জ দিতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে জাতীয় পর্যায়ে চাহিদার ওপর চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি।
দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।
তিনি বলেন, এর মধ্যে একটি টার্মিনালের জন্য ১০ থেকে ১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তেল আমদানি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনার প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেল আমদানি বসুন্ধরাকে দেওয়া হচ্ছে। এমন নানা কথা বলা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো নীতিমালা তৈরি হয়নি।
তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে আমার কিছু করার নেই, দিন গোনা ছাড়া।’
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমান জ্বালানি পরিস্থিতির জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছর ধরে জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে গেছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।