দেশজুড়ে ফের গ্যাস-সংকট

অনলাইন ডেস্ক

জাতীয়

চার দিন সরবরাহ বাড়ার পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটেছে। দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পর

2026-08-11T19:49:11+00:00
2026-08-11T19:49:11+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
দেশজুড়ে ফের গ্যাস-সংকট
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম 
প্রতীকী ছবি
চার দিন সরবরাহ বাড়ার পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটেছে। দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পর সরবরাহ কমে আবার ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে টার্মিনালে এলএনজি খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশের গ্যাসের চাহিদা পূরণে বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ রয়েছে। দুই টার্মিনাল থেকে দৈনিক সর্বোচ্চ ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে।

তবে গত জুলাইয়ের শেষ দিকে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর দুই টার্মিনাল মিলিয়ে গ্যাস সরবরাহ প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। পরে চার দিন সরবরাহ বাড়িয়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট করা হলেও নতুন করে তা কমে গেছে।

এফএসআরইউ পরিচালনার দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, সমুদ্র উত্তাল থাকায় সামিটের এফএসআরইউতে নতুন এলএনজি কার্গো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এ কারণে সরবরাহ কমে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে।

আরপিজিসিএলের এক কর্মকর্তা বলেন, এই সংকট কখন কাটবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নতুন কার্গো সংযোগ স্থাপন করা সম্ভব হলে এলএনজি সরবরাহ আবার বাড়বে।

এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পুরো সক্ষমতায় ফিরিয়ে আনতে সাময়িকভাবে এটি বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, বর্তমানে টার্মিনালটি দুটি বয়লারের মধ্যে একটির সক্ষমতা কাজে লাগিয়ে পরিচালিত হচ্ছে। অপর বয়লারটি সচল করতে হলে পুরো টার্মিনালের কার্যক্রম প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ রাখতে হবে।

দেশে নতুন ও বড় পরিসরের এলএনজি টার্মিনাল স্থাপনে একটি বিদেশি বেসরকারি উদ্যোক্তা গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, উদ্যোক্তা গোষ্ঠীটির প্রতিনিধিরা সরকারের সঙ্গে বৈঠক করেছেন এবং বড় পরিসরে এলএনজি টার্মিনাল স্থাপনের আগ্রহের কথা জানিয়েছেন। সরকার তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন এফএসআরইউ প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট কোম্পানির প্রকল্প সরাসরি অনুমোদন করা হয়নি। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, নতুন প্রকল্পটি সরকার-টু-সরকার বা জিটুজি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, জিটুজি পদ্ধতিতে অন্য দেশের সরকার বা সরকার-সমর্থিত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করা হয়। এর আগে যারা প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল, তাদের মধ্যে জিটুজি পদ্ধতিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়েছে। এরপর সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

নতুন করে এলএনজি সরবরাহে বিঘ্নের ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে ফের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: