দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাও জরুরি।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মতপ্রকাশের সুযোগ সীমিত করে কোনো রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়।
তিনি বলেন, সরকার এমন একটি দেশ গড়ে তুলতে চায়, যেখানে মানুষ বর্তমান অবস্থার চেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এটিই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতিসহায়তা দেবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে একদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে মানুষের জীবনযাত্রায় স্থিতিশীলতা আসবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। তবে দেশের নিজস্ব উদ্যোক্তা ও বিনিয়োগকারীদেরও ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করতে হবে।
তাদের বিনিয়োগ ও ব্যবসার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতিগত সহায়তা প্রয়োজন, তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ সৃষ্টি করা বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে তিনটি পাটকলের দায়িত্ব নেওয়া দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাটসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা।
এ সময় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।