জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমান সরকার বেসরকারি বিনিয়োগবান্ধব এবং বিশেষ করে এনার্জি সেক্টরে বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান সংকটকে কাজে লাগিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। সংকট আরও বাড়িয়ে কোনো পক্ষ লাভবান হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগের সরকার দীর্ঘ ১৬ বছর উন্নয়নের কথা বলে ক্ষমতায় ছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কোথায় কীভাবে অর্থ ব্যয় করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
দেশে গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল) বন্ধ হয়ে যাওয়ার পর সারাদেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শিল্প খাত যাতে জ্বালানি সংকটে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সরকার সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও সতর্ক অবস্থানের কথা জানান মন্ত্রী। তার মতে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অনেক ক্ষেত্রে অর্থায়নের সুযোগ বন্ধ হয়ে গেছে। তাই এ ধরনের প্রকল্পে এগোনোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, সৌরবিদ্যুতের ক্ষেত্রে সরকার আগ্রাসীভাবে এগোতে চায় এবং এটিকে ব্যবসাবান্ধব করার জন্য ইতোমধ্যে নীতিমালা তৈরির কাজ করা হয়েছে।
তিনি বলেন, দুই মাসের মধ্যে সৌরবিদ্যুৎ নিয়ে একটি নীতি তৈরি করা হয়েছে এবং নীতিতে যা বলা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। অপেক্স মডেলের মাধ্যমে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।