স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ পোস্টার!

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের আকার-আয়তন নির্ধারণ

2026-08-10T20:30:45+00:00
2026-08-10T20:30:45+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ পোস্টার!
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৩০ পিএম 
প্রতীকী ছবি
স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের আকার-আয়তন নির্ধারণ করে নতুন আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সরকারের পাঁচ স্তরের-ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ-নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। ভেটিং শেষে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার বাদ দেওয়া হয়েছে। তবে প্রার্থীরা নির্ধারিত মাপের ব্যানার, লিফলেট, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচনে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নতুন আচরণবিধি অনুযায়ী, ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট বাই ৪ ফুট। লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজের এবং ফেস্টুন সর্বোচ্চ ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি হতে পারবে। বিলবোর্ডের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ১৬ ফুট বাই ৯ ফুট। প্রচারসামগ্রী সাদা-কালো রঙের হতে হবে।

সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে সর্বোচ্চ একটি বিলবোর্ড ব্যবহার করা যাবে। উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে।

প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ থাকলেও এর ব্যয় নির্বাচনী ব্যয়ের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

নতুন বিধিমালায় মাইক ব্যবহারের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাইক বা শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানো যাবে। একাধিক মাইক্রোফোন ব্যবহারের সুযোগ থাকবে না। ক্যারাভান বা ভ্রাম্যমাণ বাহনেও একই সময়ে প্রচারণা চালানো যাবে।

আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও বাড়ানো হয়েছে। সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি, মেয়র, চেয়ারম্যান, প্রশাসকসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রাখা হয়েছে।

প্রচারসামগ্রীতে প্রার্থীর নিজের ছবি ও নির্বাচনী প্রতীক ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। জীবন্ত প্রাণী প্রচারণায় ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পলিথিনের আবরণ ও পিভিসি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, খসড়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন বিষয়ে শব্দগত পরিমার্জন ও সংযোজন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখেই স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: