দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই আবারও যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় তাকে দেখতে যান রোজিনা। পরে নিজের ফেসবুক পোস্টে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। রোজিনা জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর কাঞ্চনের সঙ্গে দেখা করে তিনি আশাবাদী হয়েছেন। তবে চিকিৎসা এখনও চলমান রয়েছে।
রোজিনা লিখেছেন, ইলিয়াস কাঞ্চন এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট তিনি আবারও লন্ডনে যাবেন পরবর্তী চিকিৎসার জন্য। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে খুব শিগগিরই অভিনেতা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
রোজিনা আরও জানান, এই কঠিন সময়ে ইলিয়াস কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। পরিবারের সদস্যরা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন এবং প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছেন।
পোস্টের শেষে দেশবাসীর কাছে অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন রোজিনা। তিনি বলেন, মহান আল্লাহ যেন ইলিয়াস কাঞ্চনকে দ্রুত আরোগ্য দান করেন।
উল্লেখ্য, প্রায় ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট বিকেলে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং সবার জন্য নিজের শুভকামনার কথাও জানান।