যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি (চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক) স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় মো. ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”