দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। ক্ষমতাসীন বিএনপির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। ফলে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি—সেই সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর অর্পণ করা হয়।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচনে আনুগত্যের পাশাপাশি দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সাহসিকতা ও গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক সংকটের সময়ে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এসব বিষয়কে বিবেচনায় রেখেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।