জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা মতিউর রহমানের জামিন আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালত আবেদন নামঞ্জুর করেন।
দুদকের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে মতিউর রহমানের পরিবারের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এরপর তার ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য নিয়ে জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে দুদক অনুসন্ধান চালিয়ে তাদের নামে জমি, ফ্ল্যাট, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পদের তথ্য পায় এবং ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করে।