প্রবাসীদের নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়নের দীর্ঘদিনের ঝুলে থাকা আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠাতে বলা হয়েছে, যাতে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।
রুলে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনে বলা হয়, পাসপোর্ট নবায়ন ও ই-পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী ভিসা নবায়ন করতে পারছেন না। এতে তারা চাকরি হারানো, অবৈধ অভিবাসীতে পরিণত হওয়া, এমনকি কারাবরণ ও দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার মতো ঝুঁকিতে পড়ছেন। আবেদনে আরও বলা হয়, এ পরিস্থিতি শুধু প্রবাসীদের অধিকার ক্ষুণ্ন করছে না, দেশের রেমিট্যান্স প্রবাহ ও অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
শুনানিতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার উপস্থিত ছিলেন।