সংযুক্ত আরব আমিরাতে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। জামিনের শর্তগুলোর প্রত্যয়িত কপি সংগ্রহের পাশাপাশি নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, বিষয়টি জানার পরপরই স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েক দিন আগেই এ মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য ল ফার্ম নিয়োগ দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী প্রক্রিয়া চললেও বাংলাদেশ সরকারও আইনি পথেই এগোচ্ছে। সরকারের আশা, জামিন বাতিলের পর বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতি, অর্থ পাচারসহ বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলাদেশে একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।