শিল্পের সবচেয়ে বড় শক্তি হলো- সে এমন সব কথা বলতে পারে, যা ভাষা অনেক সময় বলতে পারে না। মানুষের মনের গভীরে জমে থাকা স্মৃতি, হারিয়ে যাওয়া সময়ের কষ্ট বা দুঃখ, অচেনা কোনো অনুভূতির স্পর্শ, প্রকৃতির নীরব সৌন্দর্য কিংবা অস্তিত্বের গহিন প্রশ্ন- এসবেরও ভাষা আছে। সেই ভাষা কখনো শব্দের নয়, কখনো সুরের নয়, কখনো তা জন্ম নেয় রং ও রেখায়।
সব কবিতা কাগজে লেখা হয় না। কিছু কবিতা লেখা হয় ক্যানভাসে। রেজা আসাদ আল হুদা অনুপম কবিতা লেখেন ক্যানভাসে। অনুপমের শিল্পভুবনকে বোঝার জন্য এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শুধু ছবি আঁকেন না, তিনি অনুভূতিকে দৃশ্যমান করে তোলেন। তাঁর ক্যানভাসে রং কেবল রং নয়, তা স্মৃতির বাহক। রেখা কেবল অবয়ব নির্মাণ করে না, তা তৈরি করে এক ধরনের অনুচ্চারিত অথচ স্পষ্ট ভাষা।
একজন কবি যেমন শব্দের মধ্যে সম্পূর্ণ অনুভূতির জগৎ নির্মাণ করেন, একজন শিল্পীও রেখা ও রঙের মাধ্যমে না দেখা জগতকে দৃশ্যমান করে তুলতে পারেন। রেজা আসাদ আল হুদা অনুপমের বিশেষত্ব এখানেই- তিনি কবিতা ও চিত্রকলার মাঝে এক অসাধারণ সেতু গড়ে তুলেছেন।
তিনি কবিতা লেখেন। আবার সেই কবিতার অনুভব, কল্পনা, দর্শন ও আবেগকে রূপ দেন ছবিতে। ফলে তাঁর শিল্পের যাত্রা কেবল ক্যানভাস থেকে শুরু হয় না, শুরু হয় মানুষের অন্তর্জগতের সেই নীরব স্থানে, যেখানে অনুভূতি শব্দের আগেই জন্ম নেয়। শব্দ যেখানে থেমে যায়, সেখান থেকেই শুরু হয় তাঁর রঙের ভাষা।
শিল্পের ইতিহাসে মানুষের অন্তর্জগতের অনুসন্ধান
শিল্পের ইতিহাস আদতে মানুষের নিজেকে আবিষ্কারের ইতিহাস। গুহার দেয়ালে আঁকা প্রথম রেখা থেকে শুরু করে আধুনিক ক্যানভাস পর্যন্ত শিল্পী বারবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন- মানুষ কীভাবে নিজেকে প্রকাশ করবে! দৃশ্যমান পৃথিবীর বাইরে যে অদৃশ্য অনুভূতির জগৎ আছে, তাকে কীভাবে রূপ দেওয়া যায়!
মহান শিল্পীরা তাঁদের সময়কে অতিক্রম করে এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন। রেনেসাঁ যুগের মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি দেখিয়েছেন, একজন শিল্পী শুধু সৌন্দর্যের নির্মাতা নন, তিনি একজন অনুসন্ধানী মানুষ। তাঁর কাছে শিল্প, বিজ্ঞান ও মানব পর্যবেক্ষণ ছিল একই জ্ঞানযাত্রার অংশ। মানুষের শরীর, প্রকৃতি, আলো, গতি- সবকিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি পৃথিবীকে নতুন চোখে দেখার শিক্ষা দিয়েছেন। লিওনার্দো দা ভিঞ্চি দেখিয়েছেন, একজন শিল্পীর চোখ সাধারণ চোখের চেয়ে আলাদা, তিনি দৃশ্যের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য সত্যকে অনুসন্ধান করেন।
রেজা আসাদ আল হুদা অনুপমের শিল্পেও এই গভীর পর্যবেক্ষণের নিজস্ব রূপ দেখা যায়। তাঁর অনুসন্ধানের কেন্দ্র মানুষের স্মৃতি, অনুভূতি ও অস্তিত্ব। তিনি কোনো দৃশ্যকে কেবল তার বাহ্যিক রূপে গ্রহণ করেন না, তিনি খুঁজে দেখেন সেই দৃশ্যের ভেতরে মানুষের জীবনের কোন গল্প লুকিয়ে আছে।
কোনো পুরোনো দেয়াল তাঁর কাছে শুধু একটি দেয়াল নয়, সেটা সময়ের সাক্ষ্য। কোনো মুখ শুধু একটি মুখ নয়, তার ভেতরে জমে থাকা অভিজ্ঞতার ইতিহাস।
মাইকেলেঞ্জেলো পাথরের ভেতর থেকে মানুষের শক্তি, সৌন্দর্য ও আত্মিক গভীরতাকে আবিষ্কার করেছিলেন। তাঁর ভাস্কর্যে মানবদেহ কেবল শারীরিক অবয়ব ছিল না, তা হয়ে উঠেছিল মানুষের মহত্ত্ব, সংগ্রাম ও আত্মার প্রতীক।
অনুপম হুদার শিল্পেও দৃশ্যমান অবয়বের আড়ালে অদৃশ্য অনুভূতিকে খুঁজে পাওয়ার চেষ্টা আছে। তাঁর নারী, মানুষ, পাখি কিংবা প্রকৃতির চিত্র শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, এগুলো মানুষের স্বপ্ন, প্রতীক্ষা, আকাঙ্ক্ষা ও স্মৃতির প্রতীক।
ফরাসি ভাস্কর অগুস্ত রদাঁ ভাস্কর্যকে শুধু নিখুঁত মানবদেহ নির্মাণের শিল্প হিসেবে দেখেননি, তাঁর কাছে ভাস্কর্য ছিল মানুষের অনুভূতি, যন্ত্রণা, দ্বন্দ্ব ও অস্তিত্বের এক গভীর ভাষা। এটা মানুষের অনুভূতি, যন্ত্রণা, দ্বন্দ্ব ও অস্তিত্বের ভাষাও হতে পারে।
অনুপম হুদার কাজেও মানুষ কোনো নিছক বিষয় নয়। তিনি মানুষের মুখ আঁকেন, কিন্তু আসলে আঁকেন মুখের আড়ালে থাকা জীবন। তিনি অবয়ব নির্মাণ করেন, কিন্তু তার ভেতরে খুঁজে ফেরেন মানুষের মনোজগৎ।
বাস্তবতার গভীরে প্রবেশ: পিকাসো, পল ক্লি, শাগাল ও ভ্যান গঘের আলোয় অনুপম হুদার শিল্পভাষা
শিল্পের ইতিহাসে কিছু শিল্পী এসেছেন, যাঁরা শুধু নতুন ছবি আঁকেননি, তাঁরা বদলে দিয়েছেন মানুষ কীভাবে পৃথিবীকে দেখবে সেই দৃষ্টিভঙ্গি।
পাবলো পিকাসো তাঁদের অন্যতম। তিনি দেখিয়েছেন, বাস্তবতার একটি মাত্র চেহারা নেই। একটি মুখ, একটি বস্তু কিংবা একটি মুহূর্তের ভেতরে লুকিয়ে থাকতে পারে বহুস্তরীয় সত্য। শিল্পীর কাজ কেবল দৃশ্যমান বাস্তবতার অনুকরণ নয়, বরং সেই বাস্তবতার গভীরে প্রবেশ করে তার অন্তর্গত অর্থকে আবিষ্কার করা।
অনুপম হুদার শিল্পভাবনার সঙ্গেও এই জায়গায় গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তিনি দৃশ্যকে কেবল তার বাহ্যিক রূপে আঁকেন না। তাঁর ছবিতে অবয়ব, প্রাকৃতিক উপাদান কিংবা স্মৃতিচিহ্ন অনেক সময় প্রতীকে পরিণত হয়।তিনি যা দেখেন, তার চেয়েও বেশি আঁকেন যা অনুভব করেন।
একটি মুখ তাঁর কাছে শুধু মুখ নয়, সেটা হতে পারে একটি জীবনের গল্প। একটি পাখি শুধু প্রকৃতির অংশ নয়, সেটা হতে পারে স্বাধীনতার আকাঙ্ক্ষা। নীরব কোনো দৃশ্য শুধু নীরবতা নয়, সেটা হতে পারে মানুষের ভেতরের অপ্রকাশিত অনুভূতির প্রতিচ্ছবি।
এই জায়গায় অনুপম হুদার শিল্প বাস্তবতার অনুলিপি থেকে সরে গিয়ে বাস্তবতার অন্তর্গত সত্য অনুসন্ধান করে।
পল ক্লি বিশ্বাস করতেন, শিল্পের কাজ দৃশ্যমান জগতের পুনরাবৃত্তি নয়, বরং অদৃশ্যকে দৃশ্যমান করা। যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়- শিল্পী সেই অদৃশ্য জগতেরই ভাষা তৈরি করেন।
রেজা আসাদ আল হুদা অনুপমের ‘কাব্যচিত্র’ ধারণাকে বোঝার জন্য এই ভাবনাটি বিশেষ গুরুত্বপূর্ণ।
তাঁর ছবির শক্তি শুধু ছবির দৃশ্যমান উপাদানে নয়, বরং সেই অনুভূতিতে, যা দর্শকের ভেতরে জন্ম নেয়। তাঁর ক্যানভাসে অনেক সময় কোনো নির্দিষ্ট গল্পের চেয়ে আবহ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রঙের বিস্তার, রেখার বাঁক, শূন্য স্থান- সবকিছু মিলে তৈরি হয় অনুভূতির অনুভব।
তিনি স্মৃতি, স্বপ্ন ও কাব্যিক বাস্তবতাকে এমন এক ভাষায় প্রকাশ করেন, যেখানে বাস্তবতা ও কল্পনার সীমারেখা মিলেমিশে যায়। তাঁর ছবিতে শৈশব, ভালোবাসা, হারানো সময় ও স্বপ্ন একই ক্যানভাসে উপস্থিত থাকে।
অনুপম হুদার শিল্পেও স্মৃতি গুরুত্বপূর্ণ শক্তি। তাঁর কাছে স্মৃতি শুধু ফিরে দেখা অতীত নয়, স্মৃতি হলো মানুষের অস্তিত্ব বোঝার অন্যতম পথ। মানুষ যা হারায়, যা মনে রাখে, যা ভুলতে চায় অথচ ভুলতে পারে না- এসবই তাঁর শিল্পের অন্তর্গত বিষয় হয়ে ওঠে। তিনি দেখিয়েছেন রং শুধু প্রকৃতির অনুবাদ নয়, রং মানুষের আত্মার ভাষা।
ভ্যান গঘের আকাশ, ক্ষেত, ফুল কিংবা মানুষের মুখ- সবকিছুতেই ছিল অন্তর্জগতের প্রকাশ। রং তাঁর কাছে ছিল অনুভূতির বিস্ফোরণ।
অনুপম হুদার শিল্পেও রং কেবল অলংকার নয়। রং তাঁর কাছে আবেগের বাহক। বিষণ্নতা, ভালোবাসা, নীরবতা, প্রত্যাশা- প্রতিটি অনুভূতির জন্য তিনি নির্মাণ করেন নিজস্ব রঙের ব্যাকরণ।
বিশ্বশিল্পের এই দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে রেজা আসাদ আল হুদা অনুপমের সম্পর্ক অনুকরণের নয়, এক সৃজনশীল সংলাপ।
তিনি ইউরোপীয় আধুনিকতার ভাষা ধার করে নিজের শিল্প তৈরি করেননি, বরং নিজের দেশ, মানুষ, স্মৃতি ও অভিজ্ঞতার ভেতর থেকে চিত্রের নিজস্ব ভাষা নির্মাণ করেছেন। স্থানীয় অভিজ্ঞতা থেকে সার্বজনীন অনুভূতির দিকে যাত্রাই একজন মহৎ শিল্পীর পরিচয়।
শিল্পী, শিক্ষক ও ভিজ্যুয়াল চিন্তার নির্মাতা
রেজা আসাদ আল হুদা অনুপমকে শুধু একজন চিত্রশিল্পী হিসেবে দেখলে তাঁর সৃষ্টিশীল পরিচয়ের পূর্ণতা ধরা পড়ে না। তিনি একই সঙ্গে একজন শিক্ষক, গবেষক, গ্রাফিক ডিজাইনার এবং ভিজ্যুয়াল চিন্তার নির্মাতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন। একজন শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব শুধু আঁকার কৌশল শেখানো নয়, বরং শিক্ষার্থীদের দৃষ্টিকে প্রসারিত করা।
শিল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো- দেখতে শেখা।
একজন সাধারণ দর্শক যেখানে একটি দৃশ্য দেখে থেমে যান, একজন শিল্পী সেখানে প্রশ্ন করেন। কেন এই দৃশ্য গুরুত্বপূর্ণ? এর ভেতরে কোন গল্প লুকিয়ে আছে? মানুষের অভিজ্ঞতার সঙ্গে এর সম্পর্ক কোথায়?
অনুপম হুদার নিজের শিল্পচর্চাতেও এই প্রশ্ন করার প্রবণতা স্পষ্ট। গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা তাঁর শিল্পভাষাকে দিয়েছে আধুনিক বিন্যাসের সচেতনতা। একটি রেখা কোথায় থামবে, কোন রং কোথায় গভীরতা তৈরি করবে, শূন্যস্থান কীভাবে অর্থ বহন করবে- এসব বিষয়ে তাঁর কাজের মধ্যে পরিকল্পিত নান্দনিকতা দেখা যায়।
তবে তাঁর শিল্পকে শুধু নকশার সৌন্দর্যে সীমাবদ্ধ করা যায় না। কারণ তাঁর ক্যানভাসে নান্দনিকতার পাশাপাশি থাকে দর্শন। স্মৃতি, সময়, মানুষ ও অস্তিত্ব- এই চারটি বিষয় তাঁর শিল্পচিন্তার কেন্দ্রে কাজ করে।
একজন শিল্পী হিসেবে তিনি দৃশ্য নির্মাণ করেন; একজন কবি হিসেবে তিনি অনুভূতির স্তর তৈরি করেন, আর একজন শিক্ষক হিসেবে তিনি নতুন প্রজন্মকে শেখান- শিল্প মানে শুধু আঁকা নয়, শিল্প মানে গভীরভাবে দেখা।
‘Chronicle of Existence’: অস্তিত্বের স্মৃতিপত্র
রেজা আসাদ আল হুদার শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ‘Chronicle of Existence’।
এই নামের মধ্যেই আছে একট গভীর দর্শন- আছে অস্তিত্বের ইতিহাস। মানুষ শুধু বর্তমান দিয়ে তৈরি নয়। তার ভেতরে থাকে শৈশব, স্মৃতি, হারানো সময়, দেখা মানুষ, অতিক্রম করা পথ এবং অসংখ্য অপ্রকাশিত অভিজ্ঞতা।
এই শিল্প-পর্বে অনুপম হুদা অনুসন্ধান করেন মানুষ, সময়, প্রকৃতি ও স্মৃতির সম্পর্ক। তিনি দেখিয়েছেন, সময় শুধু ক্যালেন্ডারের পাতায় চলে যায় না, সময় জমা থাকে বস্তুতে, স্থানে, মুখে এবং মানুষের অনুভূতিতে।
একটি পুরোনো দেয়াল তাই শুধু ক্ষয়প্রাপ্ত একটি বস্তু নয়, সেটা একটি সময়ের সাক্ষ্য। একটি বিবর্ণ রং শুধু রঙের পরিবর্তন নয়, সেটা অতিক্রান্ত জীবনের চিহ্ন। যেকোনো নীরব দৃশ্য শুধু নীরবতা নয়, তার আড়ালে থাকে বহু মানুষের উপস্থিতি।
অনুপম হুদার শিল্পের বড় শক্তি হলো- তিনি দৃশ্যমানের ভেতর থেকে অদৃশ্য ইতিহাস উদ্ধার করেন।
‘কাব্যচিত্র’: যখন কবিতা রঙের শরীর পায়
রেজা আসাদ আল হুদা অনুপমের শিল্পভুবনের সবচেয়ে স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো তাঁর ‘কাব্যচিত্র’ (Poetrimage) ধারণা।
এটা শুধু কবিতার অনুপ্রেরণায় ছবি আঁকার পদ্ধতি নয়, বরং এটা একটি নিজস্ব শিল্পদর্শন। এখানে কবিতা ও চিত্রকলা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। শব্দ যেখানে অনুভূতির ইঙ্গিত দেয়, রং সেখানে সেই অনুভূতির দৃশ্যমান জগৎ তৈরি করে।
একজন কবি যখন একটি শব্দ লেখেন, তার পেছনে থাকে অসংখ্য অনুচ্চারিত অর্থ। একটি কবিতার কয়েকটি পঙ্ক্তির ভেতরে লুকিয়ে থাকে স্মৃতি, স্বপ্ন, বেদনা, ভালোবাসা, অপেক্ষা কিংবা অস্তিত্বের প্রশ্ন। অনুপম হুদা সেই অদৃশ্য স্তরকে ক্যানভাসে রূপ দেওয়ার চেষ্টা করেন।তাঁর কাছে কবিতা কোনো সমাপ্ত বিষয় নয়, বরং নতুন সৃষ্টির সূচনা।
কবিতার ভেতরে তিনি খুঁজে পান রঙের সম্ভাবনা। শব্দের ভেতরে খুঁজে পান রেখার জন্ম। পঙ্ক্তির আবহ হয়ে ওঠে চিত্রের পরিবেশ। এই কারণে তাঁর কাব্যচিত্র কোনো কবিতার সরল চিত্রায়ণ নয়। এটা কবিতার একটি নতুন পাঠ।
যেমন একজন সংগীতশিল্পী একই সুরকে নিজের অনুভূতি দিয়ে নতুনভাবে প্রকাশ করেন, তেমনি অনুপম হুদা একটি কবিতার অন্তর্গত অনুভূতিকে নিজের শিল্পভাষায় পুনর্নির্মাণ করেন।
এই জায়গায় তাঁর কাজ বিশ্বশিল্পের সেই ধারার সঙ্গে যুক্ত হয়, যেখানে শিল্পী দৃশ্যমান বাস্তবতার বাইরে গিয়ে অনুভূতির নিজস্ব জগৎ নির্মাণ করেন।
পাবলো পিকাসো এবং পল ক্লি যেমন অদৃশ্য অনুভূতিকে দৃশ্যমান করার কথা বলেছিলেন, অনুপম হুদার কাব্যচিত্রেও সেই প্রচেষ্টা দেখা যায়।
তাঁর ক্যানভাসে কখনো মুখ, কখনো পাখি, কখনো কোনো বিমূর্ত আকৃতি, কখনো কোনো শূন্য স্থান- সবকিছু মিলিয়ে তৈরি হয় কবিতার আবহ। দর্শক সেখানে শুধু ছবি দেখেন না, দর্শক কোনো একটি অনুভূতির ভেতর প্রবেশ করেন।
আলিয়স ফ্রঁসেজে প্রদর্শনী: শিল্পের আন্তর্জাতিক সংলাপ
একজন শিল্পীর যাত্রা শুধু তাঁর স্টুডিও কিংবা নিজস্ব দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিল্পের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই, যখন তা ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন অভিজ্ঞতার মানুষের সঙ্গে সংলাপ তৈরি করে।
আলিয়স ফ্রঁসেজে রেজা আসাদ আল হুদার প্রদর্শনী সেই অর্থে ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটা ছিল তাঁর শিল্পভাবনা ও সৃষ্টিশীল অনুসন্ধানকে বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপনের গুরুত্বপূর্ণ পরিসর।
আন্তর্জাতিক শিল্পচর্চায় প্রদর্শনী শুধু কিছু ছবি প্রদর্শনের ঘটনা নয়, শিল্পীর ভাবনার সঙ্গে দর্শকের সাক্ষাৎ বলা যায়।
একজন শিল্পী তাঁর ক্যানভাসে যে প্রশ্ন রাখেন, দর্শক তার উত্তর খোঁজেন নিজের অভিজ্ঞতার আলোকে।
অনুপম হুদার কাজের শক্তি এখানেই- তার শিকড় বাংলাদেশের মাটি, মানুষ ও সংস্কৃতিতে, কিন্তু তার অনুভূতি কোনো ভৌগোলিক সীমায় আটকে থাকে না। স্মৃতি, একাকিত্ব, ভালোবাসা, হারানোর বেদনা, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক- এসব মানবজীবনের সার্বজনীন অভিজ্ঞতা।
একজন বাংলাদেশের শিল্পী যখন এই অভিজ্ঞতাগুলোকে নিজস্ব ভাষায় প্রকাশ করেন, তখন তা একই সঙ্গে স্থানীয় এবং বৈশ্বিক হয়ে ওঠে।
মানুষ, প্রকৃতি ও প্রান্তিক জীবনের গল্প
অনুপম হুদার ক্যানভাসে মানুষ একটি কেন্দ্রীয় উপস্থিতি। নারী, শিশু, পাখি, প্রকৃতি, শ্রমজীবী মানুষ, কুমোর, বেদে সম্প্রদায়- জীবনের নানা স্তরের মানুষ তাঁর শিল্পে উঠে এসেছে। কিন্তু তাঁর ছবির মানুষগুলো কখনো কেবল ‘বিষয়’ হয়ে থাকে না। তারা প্রত্যেকে একটি জীবন নিয়ে উপস্থিত হয়।
তাঁর শিল্পে প্রান্তিক মানুষকে করুণার চোখে দেখা হয় না, বরং দেখা হয় মর্যাদার চোখে।
একজন সাধারণ মানুষের জীবনও যে শিল্পের গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, এই বিশ্বাস তাঁর কাজে স্পষ্ট।
মাইকেলেঞ্জেলো মানুষের শরীরের ভেতর দিয়ে মানুষের অনুভূতি ও অস্তিত্বের গভীরতা প্রকাশ করেছিলেন। অনুপম হুদাও মানুষের অবয়বের ভেতর দিয়ে মানুষের অন্তর্জগতকে অনুসন্ধান করেন। তাঁর ছবির মানুষগুলো অনেক সময় নীরব। কিন্তু সেই নীরবতার মধ্যেই থাকে অনেক গল্প।
একটি চোখের দৃষ্টি বলতে পারে প্রতীক্ষার কথা। একটি ভঙ্গি প্রকাশ করতে পারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। একটি স্থির মুখের অন্তরালে থাকে অজস্র অনুভূতির প্রবাহ।
অনুপম হুদার শিল্পে বিষণ্নতা আছে, কিন্তু হতাশা নেই। একাকিত্ব আছে, কিন্তু শূন্যতা নেই।বরং সেখানে আছে মানুষের প্রতি গভীর আস্থা।
শিল্প যেখানে সময়কে সংরক্ষণ করে
একজন বড় শিল্পীর আরেকটি বড় দায়িত্ব হলো- নিজের সময়কে ধরে রাখা। কারণ সময় চলে যায়। মানুষ বদলে যায়। জীবনযাত্রা বদলে যায়। অনেক কিছু হারিয়ে যায়। শিল্প সেই হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি হয়ে থাকে।
রেজা আসাদ আল হুদার শিল্পে এই সংরক্ষণের প্রবণতা স্পষ্ট। তিনি শুধু কোনো দৃশ্য আঁকেন না, তিনি সেই দৃশ্যের ভেতরে জমে থাকা সময়কে আঁকেন। পুরোনো মুখ, পরিচিত পরিবেশ, প্রাকৃতিক উপাদান কিংবা স্মৃতিময় মুহূর্ত- এসব তাঁর ক্যানভাসে নতুন অর্থ পায়।
তাঁর ছবি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীকে শুধু চোখ দিয়ে সম্পূর্ণ দেখা যায় না, অনুভূতি দিয়েও দেখতে হয়।
শিল্পের বড় কাজ সম্ভবত এটাই- যে বিষয়গুলো আমরা প্রতিদিন দেখে অভ্যস্ত হয়ে যাই, শিল্পী সেগুলোকেই আবার নতুন করে দেখতে শেখান।অনুপম হুদার ক্যানভাস সেই নতুন করে দেখার গভীর আমন্ত্রণ।
সমকালীন বাংলাদেশের শিল্পে রেজা আসাদ আল হুদা অনুপম
একজন শিল্পীর মূল্যায়ন কেবল তাঁর সৃষ্ট কাজের সংখ্যা দিয়ে হয় না। একজন শিল্পীর প্রকৃত মূল্য নির্ধারিত হয় তিনি তাঁর সময়কে কত গভীরভাবে ধারণ করতে পেরেছেন, কতটা নিজস্ব ভাষা নির্মাণ করতে পেরেছেন এবং তাঁর কাজ কতটা নতুন ভাবনার দরজা খুলে দিয়েছ- তার ওপর।
সমকালীন বাংলাদেশের শিল্পচর্চা নানা ধারায় সমৃদ্ধ হয়েছে। একদিকে শিল্পীরা বৈশ্বিক শিল্পের পরিবর্তিত ভাষার সঙ্গে নিজেদের যুক্ত করেছেন, অন্যদিকে নিজেদের সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবন থেকে খুঁজে নিয়েছেন সৃষ্টির উপাদান।
রেজা আসাদ আল হুদা অনুপমের শিল্পচর্চার বিশেষত্ব এখানেই- তিনি বৈশ্বিক শিল্পভাবনার সঙ্গে বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতার সৃজনশীল সংলাপ তৈরি করেছেন।
তাঁর ক্যানভাসে আধুনিক শিল্পের অনুসন্ধান আছে, এবং তা কখনো শিকড়হীন নয়। সেখানে বাংলাদেশের মানুষ আছে, প্রকৃতি আছে, স্মৃতি আছে, গ্রামীণ জীবন আছে, শহুরে অভিজ্ঞতা আছে এবং আছে মানুষের চিরন্তন অনুভূতির উপস্থিতি।
একজন বড় শিল্পী কখনো শুধু তাঁর সময়ের ছবি আঁকেন না, তিনি তাঁর সময়ের অন্তর্গত মনস্তত্ত্বও ধারণ করেন। অনুপম হুদার শিল্পে এই সময়-সচেতনতা গুরুত্বপূর্ণ। দ্রুত পরিবর্তিত পৃথিবীতে, যেখানে দৃশ্যের প্রাচুর্য মানুষের মনোযোগকে ক্রমাগত বিভক্ত করে, সেখানে তাঁর কাজ দর্শককে থামতে শেখায়। তিনি মনে করিয়ে দেন- দেখা আর অনুভব করা এক বিষয় নয়।
একটি দৃশ্যের পেছনে যে গল্প থাকে, একটি মুখের পেছনে যে জীবন থাকে, একটি স্মৃতির পেছনে যে দীর্ঘ সময় থাকে- শিল্পী সেই অদৃশ্য স্তরগুলোকে সামনে নিয়ে আসেন।
শিল্প যেখানে সাহিত্য ও দৃশ্যমানতার মিলন ঘটায়
বাংলার সংস্কৃতিতে কবিতা ও চিত্রকলার সম্পর্ক দীর্ঘদিনের। শব্দ ও ছবির এই সম্পর্ক আমাদের সাহিত্য ও শিল্পের ইতিহাসে নানা রূপে প্রকাশ পেয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলাতেও দেখা যায়- শব্দের বাইরে আরেকটি অন্তর্জগতের অনুসন্ধান।
রেজা আসাদ আল হুদার ‘কাব্যচিত্র’ ভাবনা সেই বৃহত্তর ঐতিহ্যের সমকালীন একটি রূপ। তবে তাঁর কাজের বিশেষত্ব হলো- তিনি কবিতাকে কেবল ছবির বিষয় হিসেবে ব্যবহার করেননি, তিনি কবিতার অন্তর্গত অনুভূতিকে নতুন দৃশ্যভাষায় রূপ দিয়েছেন।
এখানে কবিতা ও চিত্রকলা পরস্পরের অনুবাদ নয়, তারা একে অপরের নতুন সম্ভাবনা তৈরি করে। কবিতা যেমন পাঠকের মনে অসংখ্য দৃশ্যের জন্ম দেয়, ছবি তেমনি দর্শকের মনে অসংখ্য শব্দের জন্ম দিতে থাকে।
অনুপম হুদার কাজের শক্তি- তিনি দর্শককে শুধু ছবি দেখতে বলেন না, তিনি দর্শক্কে ছবির ভেতরে প্রবেশ করতে আহ্বান জানান।
শিল্পীর সবচেয়ে বড় বিষয় মানুষ
শিল্পের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহান শিল্পীরা শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে এসেছেন। মানুষের শরীর, মন ও জগতের রহস্য অনুসন্ধান করেছেন। মানুষের শক্তি ও আত্মিক গভীরতাকে প্রকাশ করেছিলেন বাস্তবতার বহুস্তরীয় সত্য অনুসন্ধান করেছেন।রঙকে মানুষের আত্মার ভাষায় পরিণত করেছেন।
রেজা আসাদ আল হুদার শিল্পও শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে আসে। তাঁর ছবির তাই বিষয় প্রকৃতি, কোনো মুখ, কোনো স্মৃতি কিংবা কোনো কবিতার অনুভূতি, আর এসবের কেন্দ্রে থাকে মানুষ। মানুষের ভালোবাসা, বেদনা, প্রতীক্ষা, স্বপ্ন এবং অস্তিত্বের প্রশ্ন। এই মানবিকতাই তাঁর শিল্পকে শুধু নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ রাখে এই মানবিকতাই তাঁর শিল্পকে শুধু নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ রাখে না, তাকে গভীর দার্শনিক মাত্রা দেয়।
ক্যানভাসে লেখা এক দীর্ঘ কবিতা
একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন সম্ভবত তখনই ঘটে, যখন তাঁর কাজ কেবল চোখে দেখার বিষয় হয়ে থাকে না, তা মানুষের ভেতরে দীর্ঘ প্রতিধ্বনি তৈরি করে।
রেজা আসাদ আল হুদা অনুপমের শিল্পভুবনের জোর সেখানে। তিনি ক্যানভাসে শুধু ছবি আঁকেন না, তিনি মানুষের অদৃশ্য অনুভূতির মানচিত্র তৈরি করেন। তিনি রং ব্যবহার করেন, কিন্তু রঙের পেছনে থাকে স্মৃতি। তিনি রেখা ব্যবহার করেন, তবে রেখার ভেতরে থাকে গল্প।তিনি অবয়ব নির্মাণ করেন, সেই অবয়বের ভেতরে থাকে মানুষের অন্তর্জগত।
তাঁর শিল্প আমাদের মনে করিয়ে দেয়- সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, সৌন্দর্য অনুভবেরও বিষয়। একটি শিল্পকর্মের সবচেয়ে বড় সাফল্য হয়তো এখানেই- দর্শক যখন ছবি থেকে ফিরে আসার পরও ছবিটি তাঁর ভেতরে থেকে যায়।
রেজা আসাদ আল হুদা অনুপমের ক্যানভাসের কবিতাগুলো ঠিক তেমন। সেগুলো শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ কিছু কবিতা কাগজে লেখা হয় না। কিছু কবিতা শব্দে উচ্চারিত হয় না। কিছু কবিতা লেখা হয় রঙে, রেখায়, স্মৃতিতে। আর কিছু কবিতা থেকে যায় মানুষের হৃদয়ে।
রেজা আসাদ আল হুদা অনুপমের শিল্পভুবন সেই নীরব, অথচ দীর্ঘস্থায়ী কবিতারই এক অনন্য প্রকাশ।
লেখক: কথাসাহিত্যিক ও উন্নয়নকর্মী