দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তারা এ বিষয়ে মতবিনিময় করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। সংস্থাটিকে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য বাস্তবায়নের সুযোগ এখনো রয়েছে। এ ক্ষেত্রে নেপালকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নেপালের রাষ্ট্রদূতও এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
বৈঠকে নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের জন্য নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান কায়সার কামাল। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদেও শিগগিরই বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি সংসদীয় কূটনীতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সংসদীয় সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব বিনিময়, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বাড়ানো সম্ভব।
এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কিও উপস্থিত ছিলেন।