দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে কোনো নতুন যানবাহনের রেজিস্ট্রেশন বা বিদ্যমান যানবাহনের ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি কার্যকর রয়েছে কি না, সেটিও দেখাতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
এতে বলা হয়, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক হচ্ছে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি মানদণ্ড বা স্পেসিফিকেশন সংস্থার স্থানীয় কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন গাড়ির রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট বিআরটিএ কার্যালয়ে জিপিএস স্থাপনের প্রমাণ জমা দিতে হবে।
এ ছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।
বিআরটিএ পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নতুন বিধান বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।