সাবেক রাষ্ট্রপতিরা যেসব সরকারি সুবিধা পান

জাতীয়

রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

2026-07-25T00:33:32+00:00
2026-07-25T00:33:32+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক রাষ্ট্রপতিরা যেসব সরকারি সুবিধা পান
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৩৩ এএম 
ফাইল ছবি

রাষ্ট্রপতির পদ থেকে শুক্রবার পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে পদত্যাগের পরও প্রচলিত আইন অনুযায়ী তিনি অবসর ভাতা, চিকিৎসাসুবিধাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে একজন সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধাগুলো নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলে অথবা মেয়াদ পূর্ণ হলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসর ভাতা পাবেন।

‘দ্য প্রেসিডেন্টস (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী রাষ্ট্রপতির বর্তমান মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে মো. সাহাবুদ্দিন অবসরের পর মাসিক ৯০ হাজার টাকা অবসর ভাতা পাওয়ার যোগ্য।

আইনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো ব্যক্তি অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসর নিয়ে অবসর ভাতা গ্রহণ করলে তিনি রাষ্ট্রপতির অবসর ভাতা অথবা পূর্বের অবসর ভাতার মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন।

রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণকারী ব্যক্তি মারা গেলে তার বিধবা স্ত্রী অথবা ক্ষেত্রমতে বিপত্নীক স্বামী তার প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন।

অবসর ভাতার পরিবর্তে একজন সাবেক রাষ্ট্রপতি চাইলে এককালীন আনুতোষিকও গ্রহণ করতে পারবেন। এ জন্য অবসর ভাতার প্রাধিকার অর্জনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুতোষিক নেওয়ার ইচ্ছার কথা জানাতে হবে। আনুতোষিকের পরিমাণ হবে এক বছরের অবসর ভাতার সমপরিমাণ অর্থকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বছরসংখ্যা দিয়ে গুণ করলে যে অঙ্ক দাঁড়ায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে আংশিক বছরও পূর্ণ বছর হিসেবে গণ্য হবে।

কোনো ব্যক্তি ছয় মাসের বেশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর আনুতোষিক গ্রহণের ইচ্ছা প্রকাশ না করে অথবা অবসর ভাতা গ্রহণের আগেই মারা গেলে তিনি আনুতোষিক গ্রহণ করতে চেয়েছিলেন বলে গণ্য হবে। সে ক্ষেত্রে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা ওই অর্থ পাবেন।

অন্যান্য সুবিধা

অবসরের পর একজন সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। পাশাপাশি দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতা দেওয়া হবে।

তিনি একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা ভোগ করবেন। সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। তার আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ করবে।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন এবং দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন।

আইন অনুযায়ী, চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা তাঁর স্ত্রীও ভোগ করবেন।

যেসব ক্ষেত্রে সুবিধা মিলবে না

আইনে উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব শেষে যদি কোনো সাবেক রাষ্ট্রপতি এমন কোনো দপ্তর, পদ, আসন বা মর্যাদায় দায়িত্ব পালন করেন, যেখানে সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য কোনো সুবিধা পান, তাহলে তিনি রাষ্ট্রপতির অবসর ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না।

এ ছাড়া অবসর ভাতার অধিকার অর্জনের পর আদালতের মাধ্যমে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হলে ওই সুবিধাগুলো বাতিল হবে।

অন্যদিকে উচ্চ আদালত যদি ঘোষণা করেন যে কোনো ব্যক্তি অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, তাহলে তিনিও রাষ্ট্রপতির অবসর ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার অধিকার হারাবেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: