টিফিন হিসেবে বিতরণ করা রুটি খেতে গিয়ে ভয়াবহ এক ঘটনার মুখোমুখি হয় প্রথম শ্রেণির এক ছাত্রী। রুটি ছিঁড়ে খাওয়ার সময় ভেতরে গোটা একটি ধারাল ব্লেড দেখতে পেয়ে সে আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খাদ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবক ও ও স্থানীয়রা।
বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এলে আলোচনার সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিতরণের সময় প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গিয়ে ভেতরে একটি সম্পূর্ণ ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে তার শ্রেণিশিক্ষককে জানায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, ঘটনার সত্যতা পাওয়ার পরপরই বিষয়টি গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের জন্য টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।