৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত ফলে দেখা গেছে, লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।
ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে ৬৫০টি পদ রয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, শিক্ষা ক্যাডারে ১৮৫ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। পরে ৯ এপ্রিল থেকে লিখিত পরীক্ষা শুরু হয়।
পিএসসির নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। আর ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। কমিশন এক বছরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।