ভ্রমণে হোটেল বা রিসোর্টে অবস্থান এখন খুবই সাধারণ বিষয়। তবে আরামদায়ক থাকার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকা জরুরি। সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে হোটেলকক্ষে গোপনে ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে বিশেষ কোনো যন্ত্র ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে সন্দেহজনক ডিভাইস শনাক্তের প্রাথমিক চেষ্টা করা যেতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ফ্ল্যাশলাইট দিয়ে লেন্স খুঁজে দেখুন
লুকানো ক্যামেরার লেন্সে আলো পড়লে অনেক সময় ক্ষুদ্র প্রতিফলন দেখা যায়। এজন্য কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করুন। এরপর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, এয়ার ভেন্ট, ডিজিটাল ঘড়ি, চার্জার, টিভির আশপাশ, আয়না বা অন্যান্য অস্বাভাবিক বস্তুতে আলো ফেলুন। কোথাও ছোট লেন্সের মতো প্রতিফলন দেখা গেলে সেটি ভালোভাবে পরীক্ষা করা উচিত।
ফোনের ক্যামেরায় ইনফ্রারেড আলো শনাক্ত
অনেক নজরদারি ক্যামেরায় রাতের দৃশ্য ধারণের জন্য ইনফ্রারেড (IR) আলো ব্যবহার করা হয়, যা খালি চোখে দেখা যায় না। তবে কিছু স্মার্টফোনের ক্যামেরা এই আলো শনাক্ত করতে পারে। কক্ষ অন্ধকার করে ফোনের ক্যামেরা চালু রেখে সন্দেহজনক জায়গাগুলো স্ক্যান করুন। যদি স্ক্রিনে ছোট উজ্জ্বল বিন্দু বা ঝলক দেখা যায়, তবে সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে। তবে সব ফোনের ক্যামেরায় এই সুবিধা কাজ নাও করতে পারে।
ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার
অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য এমন কিছু অ্যাপ রয়েছে, যা ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অন্যান্য অস্বাভাবিক সংকেত শনাক্ত করে সম্ভাব্য গোপন ক্যামেরা খুঁজে পেতে সহায়তা করতে পারে। তবে এসব অ্যাপ শতভাগ নির্ভুল নয়। তাই কেবল বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইস পরীক্ষা
অনেক স্মার্ট ক্যামেরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে পরিচালিত হয়। সুযোগ থাকলে হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের তালিকা দেখে অপরিচিত বা সন্দেহজনক ডিভাইসের নাম শনাক্ত করার চেষ্টা করা যেতে পারে। তবে সব হোটেলে অতিথিদের এই তালিকা দেখার সুযোগ থাকে না এবং অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই ছাড়াও কাজ করতে পারে।
সন্দেহ হলে যা করবেন
রুমে কোনো ডিভাইস সন্দেহজনক মনে হলে সেটি নিজে খুলতে বা নষ্ট করার চেষ্টা করবেন না। বিষয়টি দ্রুত হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় সামান্য সচেতনতাই ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া