বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া কয়েক সেকেন্ডের একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে অধিনায়ককে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠান্ডা মাথায় থাকা। এসো, আমরা সবকিছু ভুলে যাই। শুধু খেলি, শুধু খেলায় মন দিই।’ বিশেষ করে তার ‘সবকিছু ভুলে যাও’ মন্তব্য নিয়েই শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মাঠে নামার ঠিক আগে ড্রেসিংরুমের দরজায় দাঁড়িয়ে এই বার্তা দেন মেসি। ভিডিওতে এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজসহ দলের অন্য খেলোয়াড়দের মনোযোগ দিয়ে অধিনায়কের কথা শুনতে দেখা যায়।
মেসির বক্তব্যের প্রথম অংশকে স্বাভাবিক অনুপ্রেরণামূলক ভাষণ হিসেবে দেখা হলেও শেষের মন্তব্যটি নিয়ে নানা ব্যাখ্যা সামনে এসেছে। যদিও তিনি ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, সে বিষয়ে আর্জেন্টিনা দল বা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিশ্লেষকদের একটি অংশের ধারণা, ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও মানসিক চাপ থেকে সতীর্থদের দূরে রাখতেই এমন কথা বলেছিলেন মেসি। ম্যাচের আগে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে এবং প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে। সেই মন্তব্যকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোচনা হয়।
তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক হয়নি। বরং স্পেন ১-০ গোলের জয় তুলে নিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি তদন্ত শুরু করে ফিফা।
এরই মধ্যে ভাইরাল ভিডিওটি ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, ফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে বাইরের সব সমালোচনা, বিতর্ক ও চাপ উপেক্ষা করে কেবল খেলার দিকেই মনোযোগ রাখতে সতীর্থদের উদ্বুদ্ধ করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।