সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী হত্যা ও পাচারবিরোধী অভিযানে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনী।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দাকোপ থানার বাসিন্দা মাংস ব্যবসায়ী মেহেদী হাসান (৩০)কে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় এবং হরিণসহ বিভিন্ন প্রাণী শিকার ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।