দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যেই দেশের ১৯ জেলার ওপর ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঝড়ে পূর্বাভাস রয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুল জলিল মিয়া স্বাক্ষরিত ওই পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনশ্চ: ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।