বিশ্বকাপ জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে স্পেনে। শিরোপা উদযাপনের সময় পশ্চিমাঞ্চলের একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হওয়ায় উৎসবের আবহে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সোমবার (২০ জুলাই) জরুরি সেবা বিভাগ ‘এক্স’ দেওয়া পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের কিছু পরে তারা খবর পায় অনেক মানুষের ওপর একটি ফোয়ারা ধসে পড়েছে।
এতে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়াও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১০ সালের পর স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয় উদযাপনের জন্য বহু মানুষ ফোয়ারাটির ওপর উঠে পড়েছিল এবং অতিরিক্ত ভার সইতে না পেরে সেটি ধসে পড়ে।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে সিউদাদ রদ্রিগো সিটি হলে কিশোরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।