বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যখন স্পেনজুড়ে উৎসবের আমেজ, তখন মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তরুণ তারকা লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া। শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ভালোবাসা ও অভিনন্দনে ভাসিয়ে দেন ইনেস। আবেগঘন সেই বার্তার জবাবে ইয়ামালও প্রকাশ করেন নিজের ভালোবাসা। একই সঙ্গে ফাইনালের উদযাপনে ইনেসের সহজ-সরল কিন্তু স্টাইলিশ উপস্থিতিও ভক্তদের দৃষ্টি কাড়ে।
সোমবার (২০ জুলাই) দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইনস্টাগ্রামে ইয়ামালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনেস লেখেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন আমার ভালোবাসা, তুমি বিশ্বচ্যাম্পিয়ন।’
এর জবাবে ইয়ামাল লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা।’
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিশ্চিত হয় শিরোপা। ঐতিহাসিক এই জয়ের পর ইনেসের আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পোস্টটি প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ ইনেসকে স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ বলেছেন, আবার কেউ ইয়ামাল-ইনেস জুটিকে আখ্যা দিয়েছেন ‘বছরের সেরা জুটি’ হিসেবে।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমেই পরিচয় হয়েছিল ইয়ামাল ও ইনেসের। ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস আগে জানিয়েছিলেন, তাদের সম্পর্কের পেছনে সিনেমার মতো কোনো নাটকীয় গল্প নেই। ২০২৬ সালেই তারা প্রথমবারের মতো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।
বিশ্বকাপ জয়ের পর মাঠে ইয়ামালকে তার ভাই কেইনের সঙ্গে উদযাপন করতেও দেখা যায়। ব্যক্তিগত সুখ আর দেশের ঐতিহাসিক সাফল্য—দুই মিলিয়ে রাতটি হয়ে ওঠে তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ—দুটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।
ফাইনালের পর ট্রফি হাতে স্টেডিয়ামের সিঁড়িতে বসে থাকা ইয়ামাল ও তার সামনে বসা ইনেসের হাসিমাখা ছবিটি বিশ্বকাপ-পরবর্তী সবচেয়ে আলোচিত ফ্রেমগুলোর একটি হয়ে ওঠে।
জার্সি ও ডেনিমে নজর কাড়লেন ইনেস
বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গী হয়েও ইনেস বেছে নিয়েছিলেন একেবারে স্বাভাবিক ও স্পোর্টি লুক। তার পরনে ছিল স্পেন জাতীয় দলের জার্সি, সঙ্গে হালকা নীল রঙের ওয়াইড-লেগ ডেনিম জিন্স। সরল কিন্তু আধুনিক এই পোশাক ভক্তদের প্রশংসা কুড়ায়। পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারি থেকে ইয়ামালকে সমর্থন করেছেন ইনেস। ফাইনাল শেষে মাঠে নেমে তিনি ইয়ামালকে জড়িয়ে ধরেন, একসঙ্গে উদযাপন করেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক মুহূর্ত।