আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
রোববার (১৯ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে জনগণের কল্যাণে বরাদ্দ দেওয়া অনেক অর্থ দুর্নীতি ও অনিয়মের কারণে যথাযথভাবে ব্যয় হয়নি; কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
মো. আসাদুজ্জামান বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমদসহ অনেকে বক্তব্য দেন।
এ সময় পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ১৮২ জন উপকারভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে আইনমন্ত্রী মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী, মো. আসাদুজ্জামান, করের অর্থ, দুর্নীতিবিরোধী অভিযান, ফ্যামিলি কার্ড, মাগুরা