পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানে অবস্থিত দুটি ফ্ল্যাটের দখল নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশ অনুযায়ী গত বছরের ডিসেম্বরে তার অন্যান্য সম্পদের সঙ্গে ফ্ল্যাট দুটি জব্দের আদেশ দেওয়া হয়েছিল।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গুলশান-২ এলাকার ফ্ল্যাটে পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে আনুষ্ঠানিকভাবে ক্রোকের কার্যক্রম সম্পন্ন করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, গুলশানের এই দুটি ফ্ল্যাটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। সংস্থাটির দাবি, এগুলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের কথিত অবৈধ সম্পদের অংশ।
তবে দুদকের ধারণা, অভিযানের আগেই ফ্ল্যাট দুটি থেকে মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।