টালিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পরিবারের অনুরোধে মৃত্যুর খবরটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। প্রায় এক সপ্তাহ পর বিষয়টি সামনে আসে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই ছিল টোটা রায়চৌধুরীর জন্মদিন। এর পরদিন, ১০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা।
জানা গেছে, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন তার শরীরে উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা যায়নি। তবে হঠাৎ পিঠে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন।
টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলি রায়চৌধুরী জানান, ‘বাবা মাত্র তিন দিন কষ্ট পেয়েছেন। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে টোটার জন্মদিন ছিল। বাবার আশীর্বাদ নিতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তখন বাবার মুখে মাস্ক ছিল, নাক-মুখে লাগানো ছিল চিকিৎসার নল। তাই কথা বলতে পারেননি। শুধু ছেলের গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। পরদিনই তিনি আমাদের ছেড়ে চলে যান।’
পিতৃবিয়োগে গভীরভাবে ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে শোকাহত এবং কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। আগামী ২২ জুলাই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন সবসময়ই প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন টোটা রায়চৌধুরী। সে কারণেই বাবার মৃত্যুর খবরও কয়েক দিন পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খবরটি প্রকাশ্যে আসার পর অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।