ইটভাটাজনিত বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ কমাতে গ্রহণযোগ্য বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের বিষয়টিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন। পাশাপাশি ঢাকার আরও অন্তত ৫০টি স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।