ঢাকায় আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাজধানীতে দ্রুত সময়ের মধ্যে আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে

2026-07-18T20:23:36+00:00
2026-07-18T21:29:53+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৯:২৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীতে দ্রুত সময়ের মধ্যে আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশদূষণ বিষয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা করা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রাজধানীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বছরের আগস্টে ঢাকার সাতটি মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়। প্রাথমিকভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং জাহাঙ্গীর গেট এলাকায় এসব সিগন্যাল স্থাপন করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব ট্রাফিক বাতি তৈরি করে। পরবর্তীতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বুয়েট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে পরীক্ষামূলক এ সিগন্যাল ব্যবস্থার তদারকি করে।

এ ছাড়া চলতি বছরের ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর ৩০টি মোড়ে এআই প্রযুক্তির পিটিজেড (প্যান-টিল্ট-জুম) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার যুক্ত করা হয়েছে।

সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী, আইন অমান্যের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ি শনাক্ত করা হচ্ছে। পরে ওই গাড়ির মালিকের নামে ডিজিটাল পদ্ধতিতে মামলা দেওয়া হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি ওঠানো, স্টপ লাইন অমান্য করা, বাঁ লেন বন্ধ রাখা, হেলমেট না পরা, যত্রতত্র গাড়ি থামিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা, ফুটপাতে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো অপরাধে সংশ্লিষ্ট গাড়ির মালিকদের জরিমানা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  বিষয়:   রাজধানী  স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: