ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। এ উপলক্ষে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেছে দেশবাসী। রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হওয়া এ দিবসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
ঝালকাঠি
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পুলিশ বিভাগ, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাইয়ের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
রাজশাহী
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আজ সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রথমে সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে পুনরায় শ্রদ্ধা জানান তিনি।
সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরের রিকাবীবাজারে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ অনেকে।
এদিকে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ পাভেলের বাবা মো. রফিক উদ্দিন এবং শহীদ মিনহাজ আহমদের বড় ভাই সাঈদ আলমগীর।
এ ছাড়া বক্তব্য দেন জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহ্বায়ক লিটন আহমেদ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’র সদস্যসচিব আব্দুল মতিন।
ঠাকুরগাঁও
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় ঠাকুরগাঁওয়ের পুরোনো বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। সভা পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার।