শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগই জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যের অন্যতম ভিত্তি। তাদের আত্মদান এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে বলে জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী ও গণকবর এলাকায় জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগ এবং পরবর্তীতে শহীদ ওয়াসিমের আত্মদানের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে যায়। সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে সেই আন্দোলন সফল হয় এবং ফ্যাসিবাদ দূর হয়।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং সমৃদ্ধ দেশ বিনির্মাণে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে এবং উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
মন্ত্রী বলেন, ১৬ জুলাইয়ের এই আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে জুলাইয়ের আদর্শ ধারণ করে সরকার দেশকে আরও এগিয়ে নিতে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।