দেশের বিভিন্ন অঞ্চলে আজও ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ ১৯ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।