ব্যয় কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। বিনা সুদে গাড়ি ঋণ স্থগিতের পর এবার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতাও অর্ধেকে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে কর্মকর্তারা পাবেন ২৫ হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি ব্যয় কমাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললে নতুন হার কার্যকর হবে।
এর আগে উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য চালু থাকা ৩০ লাখ টাকার সুদমুক্ত গাড়ি ঋণ কর্মসূচিও স্থগিত করা হয়। ২০১৭ সালে চালু হওয়া এ কর্মসূচি গত ৯ জুলাই সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে বন্ধ রাখা হয়।
সরকারের ব্যয় নিয়ন্ত্রণ পরিকল্পনার আওতায় নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থে বিদেশ সফর এবং বিদেশে প্রশিক্ষণ কার্যক্রমেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যয় কমিয়ে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।