দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। আকস্মিক এই দুর্যোগে দেশের ৭ জেলার ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের ৭টি জেলা বন্যাকবলিত রয়েছে। জেলাগুলো হলো—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৯টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে আটকে পড়া ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার বর্তমানে দুর্ভোগে রয়েছে। পাহাড়ি ঢল ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে পৌঁছেছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন।
আহতদের মধ্যে কক্সবাজারে রয়েছেন ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন।
বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে ৩৮ হাজার ৪২২ জন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।