ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের হয়ে নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। কোনো ধরনের অপরাধ যেন সংঘটিত হতে না পারে, সেজন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।