রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরের পর থেকেই ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও কমতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষণের মধ্যেই সোমবার দেশের ছয় বিভাগের জন্য পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা কমতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বর্ষণের মাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বৃষ্টির তীব্রতা কমে যাওয়ার অর্থ বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। বর্তমানে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেটির পরিমাণ কমতে পারে। তবে এক-দুই পশলা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
রাজধানীতে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ঢাকায় বৃষ্টি থাকলেও এর তীব্রতা আগের তুলনায় কম হতে পারে। কিছু সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে, আবার দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে। এরপর আবার বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।