প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরইতলা এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত জনতা তাকে শুভেচ্ছা জানান। এসময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।