টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১১ জেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বান্দরবানে ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাহিনী।
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের ১১টি বন্যাকবলিত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কাজ করছে বাহিনী।
রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর—এই ১১ জেলায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক মনিটরিং পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানায়, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগব্যবস্থা সচল করতে কাজ করছে বিজিবি। একই সঙ্গে কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহিনী।
বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।