শেখ হাসিনাসহ দেশের বাইরে পালিয়ে থাকা স্বৈরাচারীদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করে ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । তিনি বলেন, এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল। শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনাসহ অনেক স্বৈরাচারীর বিচার ও সাজা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছে। বর্তমানে তারা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ করছে এবং কূটনৈতিক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো পলাতকদের দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী বিচার সম্পন্ন করা এবং জনগণের সামনে তাদের সাজা কার্যকর করা।
জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের নারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।