সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলে টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাজার প্রাঙ্গণে প্রশাসনের কর্মকর্তা ও মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনটি সিলগালা করা ঐতিহাসিক দানের ডেগ খোলা হয়। পরে ডেগ থেকে অর্থ বস্তাবন্দি করে মসজিদসংলগ্ন মাঠে নিয়ে গণনা শুরু করেন অন্তত ৪০ জন মাদ্রাসাশিক্ষার্থী।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই গণনার আয়োজন করা হয়েছে। পুরো কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হয়। সে সময় মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।
সাম্প্রতিক সময়ে মাজারের আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার দ্বিতীয় দফায় প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৭০০ বছরের ইতিহাসে এটি দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার ঘটনা।